বগুড়ার শেরপুরে ঈদে বাড়ি ফেরা পথে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো নয়জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (১৫) ও ড্রাইভার রিন্টু (৪৭)। আহতরা হলেন ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীভর্তি একটি মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। উপজেলার ছোনকা এলাকায় পৌঁছানো মাত্রই হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।
মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান ড্রাইভার। জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’



