দেবিদ্বার থানার ওসির সামনেই কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ওসি আন্তরিক হলেও তাদর কিছু কর্মকর্তা ‘ফুললি করাপ্টেড’। সেকেন্ড অফিসার মতিন ও এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলেন না। আমি প্রমাণ নিয়ে বলছি, এ বিষয়ে ওসি সাহেব প্রদক্ষেপ নেবেন।’
থানায় হেলাল নামের এক ব্যক্তির মাধ্যমে দালাল ও মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ তুলে এমপি হাসনাত ওসির উদ্দেশে বলেন, ‘থানা আপনি চালান না, থানা চালায় হেলাল। থানাকে হেলালগংমুক্ত করতে হবে, থানাকে দালালমুক্ত করতে হবে এবং ভুক্তভোগীরা যেন সরাসরি ওসি সাথে কথা বলতে পারে সে ব্যবস্থা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি সকল অফিসারদের নিয়ে বসুন, এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিন।’
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি হাসনাত বলেন, ‘থানা পুলিশকে ম্যানেজ করেই গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। মাটি খেকোরা আগে থেকেই পুলিশকে সময় জানিয়ে দেয় কখন মাটি কাটবে। এসিল্যান্ড বা ইউএনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ তাদের সতর্ক করে দেয়, ফলে স্পটে কাউকে পাওয়া যায় না। এক-দুই লাখ টাকা জরিমানাকেও তারা বিনিয়োগ হিসেবে ধরে নেয়।’
তিনি দাবি করেন, ‘সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে এবং এতে থানার কিছু সদস্য জড়িত। অভিযানে যাওয়ার আগেই থানা থেকে তথ্য ফাঁস হয়ে যায়।‘ একে ‘চোর-পুলিশ খেলা’ চলছে বলে মন্তব্য করেন হাসনাত।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, গতকাল রাতে আমি গোমতীর বিভিন্ন স্পট পরিদর্শন করেছি, তখন কেউ সাহস করেনি মাটি কাটতে। তিনি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে বলেন, দেবিদ্বার অংশে পাঁচটি স্পটের একটিতেও যেন আর এক কোদাল মাটি কাটা না হয়। অন্যথায় আমি ধরে নেব আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ফয়সল উদ্দিন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
এছাড়া দেবিদ্বার নিউ মার্কেট এলাকার ভাসমান ব্যবসায়ীদের স্থানান্তর করে পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেটে নিয়ে যাবার নির্দেশও দেন এমপি, যাতে সড়কের যানজট কমানো যায়।



