পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় বেদে সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে মীরকাদিম পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার ১০০টি বেদে পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মীরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদুর রহমান।
এ সময় সংশ্লিষ্টরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



