ছয় কোটি টাকার চেক জালিয়াতির মামলা

যশোর শিক্ষাবোর্ডের পাঁচ কর্মচারীসহ ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore

যশোর অফিস

যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক জালিয়াতির মামলায় ১১ জনের নামে চার্জশিট দাখিলের পর ওই ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার স্পেশাল (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম মামলায় উল্লেখিত ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

আসামিরা হলেন যশোর শিক্ষাবোর্ডের বরখাস্তকৃত হিসাব সহকারী আবদুস সালাম, ভেনাস প্রিন্টিং প্রেসের প্রোপ্রাইটার শেখ শরিফুল ইসলাম, শাহীলাল স্টোরের প্রোপ্রাইটর ও সদর উপজেলার হাইকোর্ট মোড় জামরুলতলার সিদ্দিক আলীর ছেলে আশরাফুল আলম, নূর এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার ও সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট এলাকার গাজী আহাদ আলীর ছেলে গাজী নূর ইসলাম, শহরের লোহাপট্টির প্রত্যাশা প্রিন্টিং প্রেসের প্রোপ্রাইটার ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা দুধলি গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী রুপালী খাতুন, উপশহর এলাকার আবদুস সামাদের ছেলে সহিদুল ইসলাম, সোনেক্স ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটার ও যশোর উপশহর ই-ব্লক এলাকার গোলাম মোস্তফার ছেলে রকিব মোস্তফা, যশোর শিক্ষাবোর্ডের সহকারী মূল্যায়ন অফিসার ও যশোর শহরের ঘোপ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে আবুল কালাম আজাদ, শিক্ষাবোর্ডের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ও সদর উপজেলার মধুগ্রাম এলাকার আজিজুর রহমানের ছেলে জুলফিকার আলী, শিক্ষাবোর্ডের নিম্নমান সহকারী (চেক ডেসপাসকারী) ও সদর উপজেলার নওদাগ্রামের মোজাহার আলীর ছেলে মিজানুর রহমান এবং শিক্ষাবোর্ডের সাধারণ কর্মচারী (চেক ডেসপাসকারী) ও সদর উপজেলার গোপালপুর গ্রামের সোহরাওয়াদীর ছেলে কবীর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, শিক্ষা বোর্ডের প্রায় ২৫টি হিসাব সোনালী ব্যাংক লিমিটেডের যশোর বিআইএসই শাখায় পরিচালিত হয়। এর মধ্যে একটি হিসাবের স্বাক্ষরদাতা বোর্ডের সচিব ও চেয়ারম্যান। ২০১৭-১৮ থেকে ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত ওই হিসাব থেকে ৩৮টি চেক জালিয়াতি করা হয়। পরে বিভিন্ন ব্যাংকে এসব চেক জমা দিয়ে ২৩ লাখ ৫৪ হাজার ৭০৬ টাকার জায়গায় তোলা হয় ৬ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা। চেকগুলো বিভিন্ন ব্যক্তি ও ঠিকাদারের নামে ইস্যু করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে এজাহারনামীয় ১ নম্বর আসামি যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন, সাবেক সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়।