১০০ দিনের মধ্যে নিজ এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি আমীর হামজার

নির্বাচিত হওয়ার পর তিনি শুক্রবার নিজ গ্রামে জুম্মা নামাজের খতিবের দায়িত্ব পালন করেন। ওই দিন বিকেলে জেলা জামায়াতের আমির সদ্য মৃত মাওলানা আবুল হাশিমের কবরস্থানে যেয়ে দোয়া ও ফাতেহা পাঠ করেন।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমীর হামজা
নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমীর হামজা |নয়া দিগন্ত

নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক আগামী ১০০ দিনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলাকে সন্ত্রাস, মাদক, দখলদার, বালুখোর, চাঁদাবাজ, দুর্নীতি ও ঘুষখোর মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন দেশের বিশিষ্ট মুফাসসিরে কোরআন কুষ্টিয়া সদর আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মুফতি আমীর হামজা।

সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌর সভায় পৃথক পৃথক স্থানে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানগুলোতে তিনি একথা বলেন।

আমীর হামজা এ ব্যাপারে জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, নির্বাচনে তিনি ৫৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে পরাজিত করে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি শুক্রবার নিজ গ্রামে জুম্মা নামাজের খতিবের দায়িত্ব পালন করেন। ওই দিন বিকেলে জেলা জামায়াতের আমির সদ্য মৃত মাওলানা আবুল হাশিমের কবরস্থানে যেয়ে দোয়া ও ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি আবুল হাশিমের পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ করেন।

শহরের হাজী শরিয়তুল্লাহ ইয়াতিমখানা মিলনায়তনে শহর জামায়াত আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘সবাইকে সাবধান করছি এলাকাতে আমরা কোনো অন্যায় হতে দেবো না। প্রথমে চাঁদাবাজির ক্যান্সার মুক্ত করতে কাজ করবো। শপথ গ্রহণের পরে ১০০ দিনের মধ্যে যা ওয়াদা করেছিলাম তা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না। আমরা এমপি হওয়ার পরেও যদি কোনো মানুষ আমাদের ভয় দেখায় তাহলে ফেল করা ভালো ছিল। সুতরাং কোনো ভয় নেই। ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে কাজ করবেন আল্লাহ সাহায্য করবেন। দীর্ঘদিনের দু:শাসন ও অন্যায়ের বিরুদ্ধে জনতা যে রায় দিয়েছে, তার মর্যাদা রক্ষার্থে আমি কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সকলের সহযোগীতাই এই এলাকাকে আদর্শ ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’