ডা: শফিকুর রহমান

জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম

‘জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম। আমরা ট্যালেন্ট চাই, কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না। আমরা চাই এমন মেধাবী তরুণ, যারা চরিত্রবান হবে, তাদের অন্তরে থাকবে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা ও সবার প্রতি শ্রদ্ধাবোধ।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ডা: শফিকুর রহমান
টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি বলেছেন, ‘জাতি গঠনে প্রয়োজন মেধাবী ও চরিত্রবান তরুণ প্রজন্ম। আমরা ট্যালেন্ট চাই, কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না। আমরা চাই এমন মেধাবী তরুণ, যারা চরিত্রবান হবে, তাদের অন্তরে থাকবে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা ও সবার প্রতি শ্রদ্ধাবোধ।’

সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: শফিকুর রহমান আরো বলেন, ‘তা’মিরুল মিল্লাতের শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে পৌঁছেছেন এবং ভবিষ্যতে যারা উঠে আসবেন, তারাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মিল্লাত গঠনের পথে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে, এটাই প্রত্যাশা।’

তা’মীরুল মিল্লাতের টঙ্গী ক্যাম্পাসের এ অনুষ্ঠানটি আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে তা’মীরুল মিল্লাতের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি পাবনা-১ আসনের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের আব্দুল হান্নান মাসুদকে সংবর্ধনা প্রদান করা হয়।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান মানুষকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় এ মূল্যবোধগুলো বাস্তবায়িত হলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি আরো বলেন, সমাজে ঈমানদার ও মুত্তাকী মানুষের সংখ্যা যত বাড়বে, সমাজ তত বেশি সুস্থ ও সুন্দর হবে। আর যদি এ সংখ্যা কমে যায়, তাহলে সমাজ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে।

জামায়াত আমির আরো বলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছিল ঈমানদার, দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন পূরণের পথে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকের এ অ্যালামনাই সমাবেশ সেই অগ্রযাত্রারই একটি প্রমাণ।

তিনি জুলাই আন্দোলনে শহীদ হওয়া তা’মীরুল মিল্লাতের পাঁচজন ছাত্রের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের জন্য কল্যাণ কামনা করেন।

তিনি বলেন, জাতীয় সংসদে এ প্রতিষ্ঠানের তিনজন গর্বিত শিক্ষার্থী জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশসেবার সুযোগ পেয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা ও গবেষণা একটি প্রতিষ্ঠানের প্রাণ, শিক্ষকরা সেই প্রতিষ্ঠানের ইঞ্জিন আর ছাত্ররা ইঞ্জিনের কাঁচামাল। এ তিনটির সঠিক সমন্বয় ঘটলেই একটি শিক্ষা প্রতিষ্ঠান সত্যিকারের আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়।

তিনি বলেন, জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান হয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হওয়ার আহ্বান জানান তিনি।

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসানের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের গাজীপুর মহানগর নায়েবে আমির মো: হোসেন আলী ও গাজীপুর মহানগর সেক্রেটারি আ স ম ফারুক।

অনুষ্ঠানে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান, ঢাকা ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবাহ বক্তব্য রাখেন।

পরে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাই ধন্যবাদ জানান চ্যারিটি কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান ও তা’মীরুল মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডক্টর হাফিজুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসের ‍ভাইস-প্রেন্সিপাল মাওলানা মিজানুর রহমান।