প্রবাসী কল্যাণমন্ত্রী

বর্তমান সরকার সবাইকে নিয়ে সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়তে চায়

‘রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির অর্জনের মাস। এই মাস প্রকৃত আত্মশুদ্ধি অর্জন করতে হবে ও আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য প্রদান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বক্তব্য প্রদান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী |ছবি : নয়া দিগন্ত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অতীতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে সিলেটের উন্নয়ন হয়েছে। এবারো সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে। বর্তমান সরকার সবাইকে সাথে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চায়। বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। বর্তমান পরিস্থিতিতে সরকার প্রবাসীদের পাশে রয়েছে। রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির অর্জনের মাস। এই মাস প্রকৃত আত্মশুদ্ধি অর্জন করতে হবে ও আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে।

শনিবার (১৪ মার্চ) হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বংলাদেশ (হাব) সিলেট অঞ্চল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাদিরের পরিচালনায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বংলাদেশের (হাব) কেন্দ্রীয় সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন সিলেট জেলা ব্যবস্থাপক মো: শরিফুল আলম।

হাব সিলেট অঞ্চলের ভাইস চেয়ারম্যান মাসহুদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, হাব সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান মাওলানা খাজা মাইন উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী শিরু, সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান ও সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি হিজকিল গুলজার।