শিবচরে চরমোনাই পীর

বংশ পরম্পরায় শাসনের দিন শেষ হয়ে আসছে, এবার ইনসাফের রাজনীতি করতে হবে

‘এদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। বংশ পরম্পরায় শাসন করার দিন শেষ হয়ে আসছে। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে চরমোনাই পীর আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মো: রেজাউল করিম
শিবচরে চরমোনাই পীর আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মো: রেজাউল করিম |নয়া দিগন্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মো: রেজাউল করিম (হাফি:) বলেছেন, ‘এদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। বংশ পরম্পরায় শাসন করার দিন শেষ হয়ে আসছে। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। শিবচর উপজেলার উদ্যোগে মাদারীপুর-১ (শিবচর) আসনে নির্বাচনী এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি এবং ত্বলাবা-ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আকরাম হোসাইন (হাফি:) সভাপতিত্বে এবং ইসলামি আন্দোলন শিবচর উপজেলার সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেনের সঞ্চালনায় নির্বাচনী মহাসমাবেশ শুরু হয়।

রেজাউল করিম বলেন, ‘আমরা একটি স্বপ্ন, ভিশন ও অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জীভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি -হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ।’

তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।’

বক্তব্যে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘মাস্তানি আর সন্ত্রাসের রাজনীতির দিন শেষ। রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয় দেখানোর জন্য নয়।’

তিনি আরও উল্লেখ করেন যে, ‘পেশিশক্তি ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা এখন আর বাংলার সচেতন জনতা সফল হতে দেবে না।’

মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী মাওলানা আকরাম হোসাইন (হাফিঃ) বলেন, ‘তথাকথিত রাজনীতিবিদরা যখন নির্বাচন আসে তখন তারা প্রতিশ্রুতি দেয়, আমরা সমাজকে মাদক মুক্ত করবো, দুর্নীতি মুক্ত করবো। কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পর অপরাধ প্রবণতা বেড়ে যায়। কিন্তু আমি নির্বাচনে প্রার্থী হওয়ার আগেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সুতরাং আমি আপনাদের প্রতিটি ভোটের আমানত রক্ষা করবো, ইনশাআল্লাহ।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলী আহমদ চৌধুরী, পীর সাহেব চন্ডীবর্দী, মাদারীপুর, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা এনামুল কবির কহিনুর, শিবচর উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ জাফর আহমদ, বাংলাদেশ ফরাজী আন্দোলনের মহাসচিব বি এম এমদাদুল হক, শিবচর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো: শাহ আলম তালুকদার, শিবচর উপজেলা মুজাহিদ কমিটির ছদর আবদুস সালামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

শীত উপেক্ষা করে শিবচরের বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই নির্বাচনী মহাসমাবেশে ইসলামি আন্দোলনের মাদারীপুর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ শিবচরের সকল স্তরের ভোটারদের ইসলামি আন্দোলনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।