গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদল ও যুবদলের একটি অংশ মিছিল নিয়ে সভাকক্ষে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৪ মার্চ ) উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভা চলাকালে এ ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলুর ছোট ভাই নাজমুলের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল মিছিলসহ সভাস্থলে এসে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা আলম হুসাইনের ওপর চড়াও হয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল এসে তাদের ছত্রভঙ্গ করে। পরে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
ঘটনার পর বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।



