খুলনা মহনগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে শত মানুষের সামনে গুলি করে মাসুম বিল্লাহ (৪৫) নামে এক শ্রমিক দল নেতাকে হত্যা করেছে কয়েকজন দুর্বৃত্ত।
বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটিয়ে পালানোর সময় লোকজন অস্ত্রসহ অশোক ঘোষ নামের একজনকে আটক করে পুলিশে দেয়।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে এবং আন্তঃজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মাসুমকে প্রথমে গুলি করে। গুলি গলায় বিদ্ধ হয়ে পড়ে গেলে তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। তবে বিদেশী পিস্তলসহ অশোক ঘোষকে লোকজন ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) তাজুল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করেন।
ঘটনার পরপরই লোকজন মাসুমকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



