ঝালকাঠির কাঁঠালিয়ায় বাবা আব্দুল বারেক খান (৫৫) তার মাদকাসক্ত ছেলে মেহেদী হাসান শুভ খানকে (২৫) হত্যা করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে আটক করে। তিনি প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো: কবির হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান শুভ খান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই নেশার জন্য বাবার কাছে টাকা দাবি করতেন। ঘটনার আগের দিন সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল কেনার জন্য তিনি বাবার কাছে তিন লাখ টাকা দাবি করলে পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পরিবারের সদস্যদের সাথে তার বাকবিতণ্ডা হয়। পরে তিনি স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে বাবাকে হত্যার হুমকি দেন।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, রাতে বাড়ির পশ্চিম পাশের বারান্দায় ঘুমানোর সময় ক্ষোভ ও উত্তেজনার বশে মো: বারেক খান ধারালো দা দিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চেয়ে আত্মসমর্পণ করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছের রায়হান জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো: শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে ছিলেন কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান ও ওসি তদন্ত হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল মো: শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ‘মেহেদী হাসান শুভ মাদাকাসক্ত ছিলেন এবং তার ভয়ে পরিবারের সদস্যরা অতিষ্ট ছিলেন। ঘটনার দিন রাতে টাকা না দেয়ায় বাবার উপর হুমকি দেন তিনি। এ পরিস্থিতিতে রাত ৩টার দিকে বাবা বারেক দা দিয়ে ছেলে শুভকে হত্যা করেন।’



