দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, ‘চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এসব অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।’
তিনি বলেন, ‘চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম কিংবা যেকোনো বিশৃঙ্খলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘উন্নয়ন কাজে ঠিকাদাররা যাতে শতভাগ মানসম্মত কাজ করে, সে বিষয়ে স্থানীয়দের নজর রাখতে হবে। একইসাথে কেউ যেন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘গৌরীপুরে কোথাও চাঁদাবাজি, দুর্নীতি বা অনিয়মের ঘটনা ঘটলে প্রয়োজনে সরাসরি আমাকে জানাবেন। আমরা জনগণের শাসক নই, সেবক হিসেবে কাজ করতে চাই।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন এবং আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ ও প্রতিমন্ত্রীর সহধর্মিণী শারমীন হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আমীন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



