লক্ষ্মীপুরে ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখমের পর ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গুরুতর আহত নাছির আহমদ (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যসের হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নাছির চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে চাকরি করতেন। এক বছর আগে চাকরি থেকে অবসর নেন তিনি।
আহতরা হলেন নাছির আহমদের ছেলে ইমরান (২১), একই এলাকার গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আব্দুল মান্নানের ছেলে নাছির আহমদ।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ ইমরান গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে নাছির তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আরো দু’জন গুরুতর আহত হন। ঘটনার একপর্যায়ে নাছির তিনতলা ভবনের ছাদে উঠে ঝাঁপ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত পুলিশ সদস্য এক বছর আগে অবসরে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’



