সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারি ও চোরাচালানকারী।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারি ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলার নয়জন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তিনজন মাদক কারবারিকে আটক করে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২৯ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদকসেবী, ছয়জন সন্দেহভাজন ব্যক্তি, একজন নিয়মিত মামলার আসামি ও চারজন চোর রয়েছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।



