নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে আহত

পৈতৃক জমি নিয়ে প্রতিবেশীর সাথে মামলা চলছিল। এ মামলার জেরে বাজার থেকে ফেরার সময় কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

Location :

Narail
আহত কৃষ্ণপদ আর্চায্য
আহত কৃষ্ণপদ আর্চায্য |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষ্ণপদ আর্চায্য (৭৩) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।

সোমবার (৬ এপ্রিল) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চায্য ওই গ্রামের পরলোকগত সন্তোষ আর্চয্যের ছেলে।

অভিযুক্ত তিন যুবক হলেন একই গ্রামের আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন এবং মাহিদুল শেখ।

স্থানীয় ও স্বজনরা জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল তার ওপর অতর্কিত হামলা করে। এ সময় তারা তাকে মাথায়, হাতে-পায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কৃষ্ণপদকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ বলেন, ‘মনসা মন্দিরের জমি ও আমার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সাথে মামলা চলছিল। এ মামলার জেরে বাজার থেকে ফেরার সময় আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ওরা। আমি ওদের বিরুদ্ধে মামলা করব এবং এর যথাযত বিচার চাইব।’

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করা যায়নি।

ওসি মো: ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে অভিযান চলছে।’