ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত মো: বাবুল হোসেন (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে র্যাব-১৪ ও সিপিএসসি ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল ভালুকা থানার জামিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বাবুল হোসেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’



