এরশাদ আলী, খুলনা ব্যুরো
খুলনায় বিয়ে নিয়ে বিরোধের জেরে ঘরের ভেতর ঢুকে গুলি করে একই পরিবারের চার সদস্যকে আহত করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে লবনচরা থানাধীন কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, বড় ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা।
আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় তিন বছর আগে জেলে যান। সেখানে ইমরান নামের এক যুবকের সাথে তার পরিচয় হয়। সে সুবাদে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া শুরু করে। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে রাশিদুলের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস আগে ইমরান আবার একটি মামলায় জেলে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে ইমরান। ভোর সাড়ে ৬ টার দিকে ইমরান এ গুলির ঘটনা ঘটায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তুহিনুজ্জামান বলেন, কাজী আনিসের স্ত্রী এবং পুত্রবধূ ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় অংশ নেয়া ছয়জনকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।



