আরাকান আর্মির থেকে ৭৩ জেলেকে ফেরত আনল বিজিবি

‘আরাকান আর্মির সাথে ধারাবাহিক আলোচনার পর ৭৩ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মির দাবি, জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল।’

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
আরাকান আর্মি থেকে মুক্তি পাওয়া জেলেরা
আরাকান আর্মি থেকে মুক্তি পাওয়া জেলেরা |নয়া দিগন্ত

টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্য কর্তৃক বিভিন্ন সময় আটক ৭৩ জন জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ওই জেলেদের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল আজ দুপুরে নাফনদীর শূন্য রেখার উদ্দেশে যাত্রা করে। আরাকান আর্মি নাফ নদীর শূন্য রেখায় ওই ৭৩ জেলেকে হস্তান্তর করে। পরে তাদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আরাকান আর্মির সাথে ধারাবাহিক আলোচনার পর ৭৩ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মির দাবি, জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল।’ অন্যান্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন সময় নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে। এদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হল। ফেরত আনা জেলেদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।