পোড়া তেলে ইফতার তৈরি, ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

‘পোড়া তেল, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরির দায়ে নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে ৪০ হাজার টাকা জরিমানাসহ তেলে ভাজা খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়েছে।’

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
পোড়া তেলে ইফতার তৈরির অভিযোগ, ভ্রাম্যমান আদালতের জরিমানা
পোড়া তেলে ইফতার তৈরির অভিযোগ, ভ্রাম্যমান আদালতের জরিমানা |নয়া দিগন্ত

ইফতার সামগ্রী তৈরিতে পোড়া তেল ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় নড়াইল মিষ্টান্ন ভান্ডার ও হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেলে ভাজা ইফতার ও খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের রূপগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার এ বি এম মনোয়ারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নড়াইল জেলা কার্যালয়ের কর্মকর্তা আদ্দা আন সিনা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমান মোল্যাসহ অনেকে।

নির্বাহী মাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম বলেন, ‘পোড়া তেল, বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরির দায়ে নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে ৪০ হাজার টাকা জরিমানাসহ তেলে ভাজা খাদ্যসামগ্রী ধ্বংস করা হয়েছে।’

এর আগে ওইদিন (বৃহস্পতিবার) দুপুরে নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অপরাধে তিনজন ফল ও সবজি ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ফিরোজ ফল ভান্ডারকে পাঁচ হাজার, আলম ফল ভান্ডারকে এক হাজার ও আমির হামজা সবজি ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’