মাদক সেবন ও বিক্রয়ে বাধা দেয়ায় গাজীপুরের শ্রীপুরে তিনজনকে পিটিয়ে আহত করেছে সঙ্ঘবদ্ধ মাদক কারবারিরা। এতে গুরুতর আহত কৃষক নিজাম উদ্দিনকে (৫৫) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে হামলার প্রতিবাদে এবং প্রকাশ্যে মাদক সেবনকারী ও কারবারিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
আহত কৃষক নিজাম উদ্দিন উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মরহুম হোসেন আলীর ছেলে।
এর আগে, শ্রীপুরে কৃষকের বাড়ির পাশে বসে রাতভর মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় মাদক সেবনকারী ও কারবারিরা বুধবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে কৃষক নিজাম উদ্দিনকে মারধর করে। তিনি এ সময় মসজিদ থেকে বাড়িতে ফিরছিলেন। নিজাম উদ্দিনকে বাঁচাতে তার বড় ভাই ও চাচাত ভাই এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন— একই গ্রামের জব্বারের ছেলে জহিরুল ইসলাম (২০) ও জাহিদুল ইসলাম (১৮), মরহুম আব্দুল আউয়ালের ছেলে মাসুম (২২), মিজানের ছেলে জাহিদুল (১৯), মুকবুল হোসেনের ছেলে সোহেল (২২) ও সোহাগসহ (১৯) তাদের সহযোগী অজ্ঞাত ১২ জন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কৃষক নিজাম উদ্দিন জানান, বুধবার দুপুর ২টার দিকে মসজিদে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। অভিযুক্তদের বাড়ির পাশের রাস্তায় পৌঁছালে তারা দেশীয় অস্ত্র (দা, কোদাল, চাপাতি, কুড়াল) নিয়ে কৃষকের পথরোধ করে। একপর্যায়ে তাকে মারধর করে আহত করে। তার চিৎকারে বড় ভাই নুরু উদ্দিন ও চাচাত ভাই হালিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা নিজাম উদ্দিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এদিকে, কৃষককে হামলা করে আহত করার প্রতিবাদে এবং প্রকাশ্যে মাদক সেবনকারী ও কারবারিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। তারা মাদক সেবনকারী ও মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচার ও শাস্তির দাবি করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, এ ঘটনায় তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



