বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই

মারমা সম্প্রদায়ের পাশাপাশি ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষরা একসাথে এ শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরেন ও নানান সাজে অংশ নেন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বর্ষবরণ উৎসব সাংগ্রাই
বর্ষবরণ উৎসব সাংগ্রাই |নয়া দিগন্ত

বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। এ উপলক্ষ্যে শোভাযাত্রা করেছে মারমাসহ আরো ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষরা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মারমা সম্প্রদায়ের পাশাপাশি ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষরা একসাথে এ শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরেন ও নানান সাজে অংশ নেন। বেলুন উড়িয়ে শোভা যাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য ও রাজপুত্র সদস্য সাচিং প্রু জেরী। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, রাজপুত্র সাচ প্রুসহ উৎসব উদযাপন কমিটি ও মারমা সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেয়ায় পুরো শহর হয়ে উঠে বর্ণিল। উৎসব দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন বান্দরবান শহরে।

মঙ্গলবার সাঙ্গু নদীতে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান এবং বুধ ও বৃহস্পতিবার শহরের রাজার মাঠে জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে।