গাজীপুরে শ্রীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ রুটের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের নওগাঁ পশ্চিমপাড়া এলাকায় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতা রানী দাস (৩৮) শ্রীপুর উপজেলার চিনা সুখেনিয়া গ্রামের হরেকৃষ্ণ দাসের স্ত্রী। এ সময় তার তিন বছর বয়সী ছেলে রুদ্র চন্দ্র দাস গুরুতর আহত হন।
নিহতের স্বামী হরেকৃষ্ণ দাস জানান, শুক্রবার সকালেই তিনি কাজে বের হন। পরে জানতে পারেন, তার স্ত্রী ও সন্তান দুর্ঘটনার কবলে পড়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফারির ইনচার্জ কাইয়ুম আলী জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মিতা রানী দাসের লাশ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। গুরুতর আহত রুদ্র চন্দ্র দাসকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
তিনি আরো জানান, বর্তমানে মায়ের লাশ জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা রয়েছে এবং সন্তানের লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।



