প্রশাসনে দলীয়করণের অভিযোগ বিরোধীদলীয় চীফ হুইপের

‘সরকারি নানা দফতরে দলীয়করণ করা হচ্ছে। সিটি করপোরেশনগুলোতে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। সংসদে গেলে এসব নিয়ে জবাবদিহিতার জায়গা থেকেও প্রশ্ন করা হবে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
প্রশাসনে দলীয়করণের অভিযোগ বিরোধীদলীয় চীফ হুইপের
প্রশাসনে দলীয়করণের অভিযোগ বিরোধীদলীয় চীফ হুইপের |নয়া দিগন্ত

প্রশাসনে দলীয়করণের অভিযোগ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকারি নানা দফতরে দলীয়করণ করা হচ্ছে। সিটি করপোরেশনগুলোতে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। সংসদে গেলে এসব নিয়ে জবাবদিহিতার জায়গা থেকেও প্রশ্ন করা হবে।’

দলের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এবার ভুল নয়, পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চাই। আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।’

বুধবার (৪ মার্চ) সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপি সিলেট বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘হাদি হত্যার বিচার নিয়ে একচুল পরিমাণ পিছপা হবো না। যত বড় হেডামওয়ালা হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।’

প্রশাসনে দলীয় লোক নিয়োগের কড়া সমালোচনা করে পাটোয়ারী বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করুন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে বিস্মিত হয়েছি। অনেক জায়গায় সড়ক এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে যেন এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরা হয়।’

এনসিপির এই নেতা বলেন, ‘যাদের সামর্থ্য আছে তারা সহজেই বিমানযোগে বা অন্যভাবে ঢাকায় যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন এসব খারাপ সড়ক দিয়েই চলাচল করতে হয়। যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিলেট সম্প্রীতির শহর জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘সকলের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সুসম্পর্ক আছে। প্রাণ-প্রকৃতি সবাই মিলে ধ্বংসও করে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সদ্য নিয়োগপ্রাপ্ত ডিজিএফআইয়ের প্রধানের ভারত সফরকে নিয়ে সমালোচনা করে বলেন, ‘সরকারের কিছু ভূমিকা প্রশংসনীয় হলেও দলীয়করণ এবং দুর্নীতির সুযোগ আগামীতে দেয়া হবে।’

নির্বাচনের ফল মেনে নিয়ে গণতান্ত্রিক উত্তরণের দিকে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।’

ফ্যাসিবাদের প্রমাণিত দোসর ও জুলাইয়ের বিরোধীদের প্রশ্রয় দিলে ফাঁদে পড়বেন বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন সারজিস।

এসময় এনসিপির নেতারা জুলাই সনদ অধ্যাদেশ কার্যকর ও রাষ্ট্রপতিকে অভিসংশন না করলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি দেন।

ইফতার মাহফিলে সিলেটের বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।