রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২১ সেকেন্ডের মিছিল, গ্রেফতার ১

নগরীর ডিসির মোড়ে থেকে জেলা স্কুলের দেয়াল ঘেঁষে বাংলাদেশ ব্যাংক মোড়ের দিকে যাচ্ছে নয়জনের একটি ঝটিকা মিছিল।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
মিছিলে অংশগ্রহণকারীরা
মিছিলে অংশগ্রহণকারীরা |সংগৃহীত

রংপুর মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নগরীর ডিসির মোড়ে থেকে জেলা স্কুলের দেয়াল ঘেঁষে বাংলাদেশ ব্যাংক মোড়ের দিকে যাচ্ছে নয়জনের একটি ঝটিকা মিছিল। মহানগর ছাত্রলীগের নামে এই মিছিলটি করা হয়। দ্রুত গতিতে মিছিলটি করে সটকে পড়েন মিছিলকারীরা। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মহানগর ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় মিছিলকারীদের। এ ঘটনার পর পুলিশ তৎপর হয়ে উঠে।

পুলিশ সূত্র জানিয়েছে, ভিডিওটি ম্যাচিং করে তারা তিনজনের নাম এরই মধ্যে শনাক্ত করেছেন। এরমধ্যে মহানগর ছাত্রলীগের অভি, আশিক ও হৃদয় সাহা। মিছিলে প্রথম স্লোগান ধরেন অভি। তার বাড়ি নগরীর মেডিক্যাল পূর্বগেট এলাকায়।

এদিকে, সন্ধ্যায় সুরভী উদ্যানের সামনে থেকে মিছিলকারীদের হৃদয় সাহা নামের একজনকে আটক করে পুলিশে দেয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ স্থানীয় জনতা। তার বাড়ি নগরীর শাপলা চত্বর এলাকায়। এ ঘটনার পর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

হৃদয় সাহাকে আটককারী জুলাই যোদ্ধা মেরাজ ও সীমান্ত হোসেন, ছাত্রশক্তির মহানগর যুগ্ম সদস্য সচিব ফাহিম জানান, ‘সুরভী উদ্যানের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এলাকায় বিভিন্ন ধরনের উস্কানীমূলক স্লোগান দিচ্ছিল এক যুবক। আমরা তাকে আটক করে নাম জানতে পারি হৃদয় সাহা। তিনি জেলা ছাত্রলীগের সদস্য বলে আমাদের কাছে পরিচয় দেন। ভাইরাল হওয়া মিছিলের ছবিতেও তাকে দেখা যায়। পরে আমরা পুলিশে সোপর্দ করেছি।’

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ‘তারা ২১ সেকেন্ডর মিছিল করে। নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে। নিষিদ্ধ সংগঠন কোনোভাবেই মিছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পাারবে না- এটা পরিষ্কার। আমরা ছবি ধরে তাদের গ্রেফতারের চেষ্টা করছি। এরই মধ্যে আটক হওয়া হৃদয় সাহার কাছ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও নাশকতার বিভিন্ন তথ্য পাওয়া গেছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’