বদলি ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি

কুষ্টিয়া ত্যাগ করলেন ডিসি ইকবাল হোসেন

ইকবাল হোসেন প্রায় তিন মাস আগে কুষ্টিয়ায় যোগদান করেন। দায়িত্ব পালনের সময়ে তিনি দুর্নীতিবিরোধী বিভিন্ন পদক্ষেপ, অবৈধ বালু উত্তোলন ও ইটভাটা নিয়ন্ত্রণ এবং অসহায় মানুষের সহায়তায় উদ্যোগ নেয়ায় স্থানীয়ভাবে প্রশংসিত হন। তার আকস্মিক বদলিকে কেন্দ্র করে জেলায় প্রশাসনিক সিদ্ধান্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ করলেও মঙ্গলবার কুষ্টিয়া ত্যাগ করেন মানবিক ডিসি খ্যাত ইকবাল হোসেন
বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ বিক্ষোভ করলেও মঙ্গলবার কুষ্টিয়া ত্যাগ করেন মানবিক ডিসি খ্যাত ইকবাল হোসেন |নয়া দিগন্ত

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেনের বদলি ঘিরে টানা দুই দিনের পাল্টাপাল্টি কর্মসূচির পর অবশেষে তিনি কুষ্টিয়া ত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তিনি স্বপরিবারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবউল আলম।

গত রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে তাকে বহাল রাখা ও না রাখা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ডিসিকে বহাল রাখার দাবিতে ‘জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণ’ ব্যানারে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি, ইকবাল হোসেন দুর্নীতিবিরোধী ও মানবিক প্রশাসক হিসেবে কাজ করছিলেন। সোমবারের মধ্যে বদলি আদেশ প্রত্যাহার না করলে অসহযোগ আন্দোলন ও জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝোলানোর মতো কর্মসূচিরও ঘোষণা দেন তারা।

রোববার রাতেই শহরে বিক্ষোভ মিছিল হয়। সোমবার সকাল ১০টার দিকে মজমপুর এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা ডিসি কার্যালয়ে অবস্থান নেন। দুপুর ১টার দিকে ডিসি সরকারি গাড়িতে বের হতে চাইলে আন্দোলনকারীরা তার গাড়ির সামনে অবস্থান নেন। প্রায় ৩০ মিনিট পর তিনি সেখান থেকে ছেঁউড়িয়ার লালন একাডেমির উদ্দেশ্যে রওনা দেন।

অন্যদিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ‘মব সন্ত্রাসের বিরুদ্ধে ও প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদে’ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের বক্তব্য, কোনো জেলা প্রশাসককে বহাল রাখা বা প্রত্যাহার করা সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার; এ নিয়ে সড়কে নেমে উত্তেজনা সৃষ্টি করা সমীচীন নয়।

পরিস্থিতির মধ্যে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন, যা পরে সরিয়ে ফেলা হয়। একই আসনের পরাজিত বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেনও একটি স্ট্যাটাসে বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

মঙ্গলবার সকালেও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দুপুরে ডিসি ইকবাল হোসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাহবুবুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, ইকবাল হোসেন প্রায় তিন মাস আগে কুষ্টিয়ায় যোগদান করেন। দায়িত্ব পালনের সময়ে তিনি দুর্নীতিবিরোধী বিভিন্ন পদক্ষেপ, অবৈধ বালু উত্তোলন ও ইটভাটা নিয়ন্ত্রণ এবং অসহায় মানুষের সহায়তায় উদ্যোগ নেয়ায় স্থানীয়ভাবে প্রশংসিত হন। তার আকস্মিক বদলিকে কেন্দ্র করে জেলায় প্রশাসনিক সিদ্ধান্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।