জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ আগস্ট জনগণ দিয়েছে।
বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোট নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ৫০০-১০০০ টাকার বিনিময়ে ১ দিন ভালো থাকবেন নাকি ৫ বছর জন্য দেশের মালিক হবেন, সে সিদ্ধান্ত আপনাদের। আমরা খেলা চেইঞ্জ করবো না, খেলা পাল্টে দেবো।
প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, আপনারা যদি বাংলাদেশ জনগণের বিরুদ্ধে যান তবে আবার ৫ আগস্ট নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তান গুলি করে হত্যার কথা বলবে।
নবীনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো: মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এবিএম কবির আলম মাসুদ, মাওলানা তাজুল ইসলাম, আমিনুল হক চৌধুরী, আইনজীবী আশরাফুল ইসলাম, জুলাই শহীদ তানজীদ মাহমুদের বাবা সফিকুল ইসলাম প্রমুখ।
১১ দলীয় জোট সর্মথিত প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফীকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আইনজীবী আব্দুল বাতেন রিকশা প্রতীক তুলে দেন।



