শিবির সভাপতি সাদ্দাম

দেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য জুলাইয়ে জীবন দেয়নি

‘কাহালু-নন্দীগ্রাম এলাকা উত্তরাঞ্চলের একটি অবহেলিত এলাকা হওয়ায় বিগত সময়ে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এমপি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

Location :

Kahaloo
বগুড়া-৪ আসনের প্রার্থীর সমর্থনে মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি
বগুড়া-৪ আসনের প্রার্থীর সমর্থনে মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি |নয়া দিগন্ত

বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘দেশের মানুষ নতুন করে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লবে জীবন দেয়নি। দেশবাসী এক ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দেবে না।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে ন্যায়, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী সমাবেশে মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি শুরুর আগে কাহালু রেলওয়ে বটতলায় আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, ‘বিএনপি একাধিকবার ক্ষমতায় এসে জাতিকে দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। হাওয়া ভবন বানিয়ে বিএনপি রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দুর্নীতি করতেই বিএনপি আবারো ক্ষমতায় আসতে চায়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে।’

তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের নেতারা নিশ্চিত ফাঁসি হবে জেনেও বিদেশ থেকে দেশে এসেছিলেন। ফ্যাসিবাদী হাসিনার জুলুম-নির্যাতন সহ্য করে আমরা দেশেই ছিলাম। অথচ যে ব্যক্তি জীবনের ভয়ে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে বিদেশে ছিলেন, তিনি এখন আমাদেরকে গুপ্ত বলছেন। আসলে তারেক রহমান নিজেই গুপ্তদের নেতা।’

বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ‘কাহালু-নন্দীগ্রাম এলাকা উত্তরাঞ্চলের একটি অবহেলিত এলাকা হওয়ায় বিগত সময়ে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এমপি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন তুরস্কের গাজী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো: হাফিজুর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চকসু) ভিপি ইব্রাহিম রনি, বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদামদীঘি) আসনে জামায়াতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

সমাবেশ উপস্থাপনা করেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির।

অনুষ্ঠানে সকাল থেকেই জামায়াতের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে রেলওয়ে বটতলা কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে রুপান্তরিত হয়।

সমাবেশ শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজের নেতৃত্বে রেলওয়ে বটতলা থেকে পায়ে হেঁটে এক বিশাল র‌্যালি বগুড়া-নওগাঁ মহাসড়ক হয়ে উপজেলার নারহট্র ইউনিয়নের বিবিরপুকুর বাজারে গিয়ে শেষ হয়। এ সময় গোটা সড়কে দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রায় ৩০ হাজারেও বেশি মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন বলে আয়োজকরা জানিয়েছেন।