বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজীব শরীফ (১৫) নামে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডোবরায় অবস্থিত আকিজ বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।
নিহত সজীব শরীফ উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে এবং সাতৈরের ডোবরায় অবস্থিত আকিজ বশির জনতা জুট মিলের স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করতো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে জুট মিলে অপর এক শ্রমিকের হাতে নির্যাতনের শিকার হয় সজিব শরীফ। মিলটিতে কাজ শেষে বাড়ি যাওয়ার আগে গায়ে লেগে থাকা পাটের আঁশ ও ধুলো ময়লা মেশিন দিয়ে পরিষ্কার করতে যায় সজীব। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫) নামের অপর এক শ্রমিক সজিবের পায়ুপথে পাইপ ঢুকিয়ে দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে অজ্ঞান হয়ে পড়ে সজীব।
সাথে সাথে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠায় চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা যায় সজীব।
নিহত সজিবের ভাবি নুরজাহান বেগম জানান, পাঁচ ভাই-বোনের মধ্যে মেজ সজিব। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে একজন শ্রমিক ওর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে সজিবের পাকস্থলীসহ একাধিকস্থলে নাড়ি ছিদ্র হয়ে যায়। চিকিৎসকরা অপারেশন করার পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সজিব মারা যায়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত রিহাদ শেখ পলাতক রয়েছে। তাদের বাড়িতে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে, ঘটনার সাথে জড়িত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।



