বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার জমজমাট প্রচারণা। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ও জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল।
দিন-রাত ভোটারদের মাঝে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, পথসভা করছেন। উভয় দলের আশঙ্কা উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে। তাই নিজেদের ভোটার উপস্থিতি বাড়াতে এখন থেকেই কাজ করছেন তারা।
বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা শুক্রবার (২৭ মার্চ) বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মালতিনগর, বকশিবাজার, রহমান নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বগুড়ার উন্নয়নে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাবেক পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শুক্রবার বিকেলে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রহমান নগর, কানছগাড়ী, ঠনঠনিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ ও উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। তার সাথে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুস সালাম তুহিন, আসলাম হোসেন বিপু, তারেক, শ্রমিক নেতা মোশারফ হোসেন স্বপন প্রমুখ।
এর আগে সকালে পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ভাটকান্দি, বুজরুকবাড়িয়া এলাকায় গণসংযোগ করেন আবিদুর রহমান। এ সময় তার সাথে ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, অ্যাডভোকেট শাহীন মিয়া, আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য, সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ আসনে জয়লাভ করেন। কিন্তু তিনি ঢাকা-১৭ আসন রেখে এ আসন ছেড়ে দিলে উপনির্বাচনের আয়োজন করা হয়।



