ঢাকা-ভাঙ্গা এক্স‌প্রেসও‌য়েতে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঈদযাত্রাকে ঘিরে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
নয়া দিগন্ত

আহসান হাবীব (মাদারীপুর)

ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে ঈদযাত্রায় প্রতি বছরই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজধানী ঢাকা থেকে মাদারীপুরের শিবচরগামী যাত্রীদের নিকট থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সরেজমিনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর এলাকায় গিয়ে ঈদগামী যাত্রীদের সাথে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ব্যাপক চাপ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা প্রায় সব পরিবহনেই যাত্রীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। লোকাল পরিবহনেও স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী বহন করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে ফিরতে হওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

যাত্রীরা জানান, ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া ১৭০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে বিভিন্ন পরিবহন দাঁড়ানো যাত্রীদের থেকে ২৫০-৩০০ টাকা ও সিটের যাত্রীদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা করে আদায় করছে।

ঢাকা থেকে আনন্দ পরিবহনে পাঁচ্চর বাসস্ট্যান্ড এসে নামে সাইফুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘পরিবারের চারজনকে নিয়ে গুলিস্তান থেকে বাসে উঠেছি। বাসে ওঠার আগে বলেছে দাঁড়িয়ে গেলে ৩০০ টাকা ভাড়া এবং বসে গেলে ৫০০ টাকা ভাড়া লাগবে। পরে অনুরোধ করে ৪০০ টাকা দিয়ে পাঁচ্চর স্ট্যান্ডে এসেছি।’

আক্তার হোসেন নামের এক যাত্রী বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে প্রতিবারের মতো এবার বাস মালিকরা ১৫০-২০০ টাকা বাড়তি আদায় করছে। নিরুপায় হয়ে বেশি টাকা দিয়েই আসতে হচ্ছে।’

ইলিশ পরিবহনের এক বাস স্টাফের ভাষ্যমতে, ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রীদের চাপ রয়েছে। তবে ফিরতে হয় খালি। তাই পুষিয়ে নিতে কিছু বাড়তি ভাড়া নিতে হয়।

আসিফ ইকবাল নামের এক যাত্রী জানান, মাদারীপুরের ঐতিহ্যবাহী সার্বিক পরিবহন ঢাকা থেকে মাদারীপুরের প্রকৃত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা রাখছে। এতে যাত্রীরা ভয়াবহ ক্ষোভ প্রকাশ করেছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটির দুই প্রান্ত দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, ‘সকাল থেকে যানজট মুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোলপ্লাজায় অতিরিক্ত বুথ চালু রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল ইসলাম বলেন, ‘ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ও দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’