পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে চিকিৎসা নিতে হাসপাতালে রোগীর লাইন

আহত অন্তত ৫০

ঘটনার পর পর পাকুন্দিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন উপস্থিত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা নিশ্চিত করতে কাজ করছেন।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |ফাইল ছবি

কিশোরঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত হয় লাইন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আহতদের ভিড়ে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। তবে পাগলা কুকুরটিকে এখনো আটক করা যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ৩২ জন লোক চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। এখনো রোগী আসছেন এবং এই সংখ্যা আরো বাড়তে পারে। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পর পাকুন্দিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন উপস্থিত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা নিশ্চিত করতে কাজ করছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল থেকে উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর কামড়ানো শুরু করে। সেখান থেকে ১০ কিলোমিটার পর্যন্ত পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিভিন্ন অঞ্চলে পথচারীদের কামড় দিয়ে আহত করে কুকুরটি।

আহতদের মধ্যে চরপাকুন্দিয়া গ্রামের সাবেক কাউন্সিলর স্বপন মিয়া (৫০), চরটেকী গ্রামের হারুন অর রশীদ (৫৫), মধ্য পাকুন্দিয়া গ্রামের আকিব আলম (১৫), ঘাগড়া গ্রামের আফরা (২০), বীরপাকুন্দিয়া গ্রামের সুমিত (১৮) ও লাবণ্য (১৫), শিমুলীয়া গ্রামের ইমরান (২২), নারান্দী গ্রামের আসমা (৩২), মানছু মিয়া (৪০) ও মোনতাজ উদ্দিন (৭০)। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের অসংখ্য নারী-পুরুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন।

পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা: নূর-এ-আলম খান জানান, বিকেল ৪টার দিকে পাটুয়াভাংগা ইউনিয়ন থেকে একজন চিকিৎসা নিতে আসেন। সন্ধ্যার পর থেকে লাইন ধরে রোগী আসছে। আমাদের স্টাফ আহতের চিকিৎসা দিতে হিমিসিম খাচ্ছে। রাত ৮টা পর্যন্ত জরুরি বিভাগে ৩২ জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘ঘটনার পর পর আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোগীদের সেবা নিশ্চিত করতে কাজ করছি।’

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, ‘আহত সকল রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি ব্যবস্থাপনায় ভেকসিনসহ সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। সেইসাথে কুকুরটিকে আটকের জন্য পুলিশ কাজ করছে। পাশাপাসি মাইকিং করে লোকজনকে সতর্ক করা হচ্ছে।’