প্রেমের টানে আবারো জীবনের ঝুঁকি ভারতে গিয়ে হামলার শিকার হলেন মো: আনোয়ার হোসেন (৪৫) নামে এক বাংলাদেশী যুবক। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা ও মো: মজিবরের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, এক ভারতীয় নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আনোয়ার। সেই সম্পর্কের টানেই তিনি বারবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতেন। এমনকি গত বছরও একই কারণে ভারতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তিনি।
সূত্র জানায়, মঙ্গলবার রাতে জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের প্রায় ৩৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন আনোয়ার। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছাতেই ওত পেতে থাকা একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা পাহাড়ি বা গারো সম্প্রদায়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুরুতর আহত অবস্থায় কোনোভাবে দেশে ফিরে এলে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত আইন অমান্য করে অবৈধভাবে যাতায়াতের কারণেই এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।



