সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

আশপাশে অবস্থিত স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কমিউনিটি হাসপাতাল ও ফিলিং স্টেশনসহ প্রায় ১০-১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কের হাতুড়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মদনপুর-গাজীপুর এশিয়ান হাইওয়ে সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক, যেখানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। আশপাশে অবস্থিত স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কমিউনিটি হাসপাতাল ও ফিলিং স্টেশনসহ প্রায় ১০-১২টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। জীবনের ঝুঁকি নিয়ে লোকজনকে রাস্তা পারাপার হতে হচ্ছে।

বক্তারা আরো অভিযোগ করেন, সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা না করেই সড়কের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। এ সময় দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।