মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, সাটুরিয়া থানা, আনসার-ভিডিপি, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, সাটুরিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দফতর ও সামাজিক সংগঠনের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দফতরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রথম প্রহরের কর্মসূচির সমাপ্তি ঘটে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।



