চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও নদী থেকে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। একইসাথে তিনি এলাকায় সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সরওয়ার নিজাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাটি কেটে এবং নদী থেকে বালু উত্তোলন করে ট্রাকযোগে গ্রামীণ সড়ক দিয়ে পরিবহন করা হচ্ছে। এতে একদিকে সড়ক অবকাঠামোর ক্ষতি হচ্ছে, অন্যদিকে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানের মতোই ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।
তিনি বলেন, মাটি ও বালু উত্তোলনের সাথে জড়িত কোনো সিন্ডিকেটকে ছাড় দেয়া হবে না। দল-মত নির্বিশেষে যারা এসব অপকর্মে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।
পাশাপাশি এলাকার সব ধরনের চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।
উপজেলার কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সবাইকে সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কাজে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না।
এ ক্ষেত্রে তিনি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



