মিরসরাইয়ে তেল সঙ্কট, পেট্রোল পাম্পে সরবরাহ বন্ধ

তেল না পেয়ে পেট্রোল পাম্পগুলোর সামনে এবং মহাসড়কে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনগুলোকে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান সড়কেই আটকে পড়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
পেট্রোল পাম্পে তেলের জন্য বাইকারদের লাইন
পেট্রোল পাম্পে তেলের জন্য বাইকারদের লাইন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলা জুড়ে তীব্র তেল সঙ্কট দেখা দিয়েছে। অধিকাংশ পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, অধিকাংশ স্টেশনেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ গ্রাহকরা।

উপজেলার বড় দারোগারহাট রংধনু পেট্রোল পাম্প, নিজামপুর রেদোয়ান ফিলিং স্টেশন, বড়তাকিয়া ফিলিং স্টেশন, সুফিয়া রোড গুলিস্তান ফিলিং স্টেশন, মিঠাচড়া গাঙচিল ফিলিং স্টেশন, শওকত ফিলিং স্টেশন, ঠাকুরদীঘি চলমান সিএনজি পাম্প, চৈতন্যেরহাট সোনাপাহাড় ফিলিং স্টেশন, মস্তাননগর মডেল পাম্প, ফেবো ফিলিং স্টেশন, বারৈয়ারহাট মাঈন উদ্দিন ফিলিং স্টেশন ও বারৈয়ারহাট রূপনগর ফিলিং স্টেশনসহ প্রায় সবগুলো পাম্পেই তেল সরবরাহ বন্ধ বা সীমিত আকারে দেয়া হচ্ছে।

তেল না পেয়ে পেট্রোল পাম্পগুলোর সামনে এবং মহাসড়কে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনগুলোকে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান সড়কেই আটকে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে যানজট ও পরিবহন সঙ্কট।

কিছু কিছু পাম্পে সীমিত আকারে তেল সরবরাহ করা হলেও অধিকাংশ পাম্পে গ্রাহকরা খালি হাতে ফিরছেন। অনেক গ্রাহকের অভিযোগ, পাম্পে তেল থাকার সত্ত্বেও তা সরবরাহ করা হচ্ছে না।

মিঠাচড়া বাজারে গাংচিল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, অকটেনের জন্য মোটরসাইকেলের দীর্ঘ সারি। তবে প্রতিটি মোটরসাইকেলে মাত্র ১০০ টাকার অকটেন দেয়া হচ্ছে, যা দিয়ে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এদিকে, চলমান সিএনজি পাম্প ও রূপনগর ফিলিং স্টেশনে অকটেন মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগ করেছেন গ্রাহকরা।

মেহেদী হাসান নামের একজন গ্রাহক বলেন, ‘চলমান সিএনজি পাম্পে অল্প কিছুক্ষণ অকটেন দিয়ে তেল থাকা সত্ত্বেও বন্ধ করে দিলো। এতে অন্তত দু’শতাধিক মোটরসাইকেল আটকা পড়েছে এই পাম্পে।’

আবদুল আউয়াল নামের এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘১০০ টাকার তেল দিয়ে কী হবে? পাম্পে তেল আছে, তবুও দিচ্ছে না, এটা আমাদের সাথে অন্যায়।’

তবে পাম্প কর্তৃপক্ষরা বলছে, সরবরাহ সঙ্কটের কারণেই তারা তেল দিতে পারছেন না। নতুন করে তেল না আসা পর্যন্ত স্বাভাবিক সরবরাহ চালু করা সম্ভব নয়।

চলমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী নাছির উদ্দিন বলেন, ‘আমরা ডিপোতে তেলে জন্য গাড়ি পাঠিয়েছি। গাড়ি খালি ফিরে এসেছে। তেল যদি না থাকে তাহলে বিক্রি করব কিভাবে?’

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।