সংস্কৃতিমন্ত্রী

বিএনপির কেউ চাঁদাবাজি, দখলদারি করলে ধরে হাজতে দিবেন

‘আমাদের সরকারের প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা ব্যর্থ হওয়ার জন্য ক্ষমতায় আসিনি। সরকার সফল হবো। বিএনপি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে।’

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলে খাল পুঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
নড়াইলে খাল পুঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী |নয়া দিগন্ত

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘কে বিএনপি, কে অন্য দল দেখার দরকার নেই। বিএনপির কেউ চাঁদাবাজি, দখলদারি করলেও ধরে হাজতে দিয়ে দিবেন। মাগুরাতেও এ কথা বলে এসেছি।’

তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান আমাদের। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহাল দখল, হাটবাজার দখল, টেন্ডারবাজি-সবকিছুর বিরুদ্ধে আমাদের অবস্থান। এ ব্যাপারে প্রশাসনকে ভূমিকা নিতে হবে। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। এছাড়া মাদকদ্রব্যের ব্যাপারেও সরকার কঠোর অবস্থানে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে নড়াইল সদরের হাতিয়াড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের আগে নড়াইল সার্কিট হাউজে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার (এসপি) আল মামুন শিকদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমাদের সরকারের প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। আমরা ব্যর্থ হওয়ার জন্য ক্ষমতায় আসিনি। সরকার সফল হবো। বিএনপি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৮ বছর ফ্যাসিবাদি শাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করার কারণে হাজার হাজার, লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় ঘরছাড়া করা হয়েছে। নেতাকর্মীদের মাঠে-ঘাটে থাকতে হয়েছে। মানববন্ধন, দোয়া ও মিলাদ মাহফিল থেকে ধরে দিয়ে গেছে। জেল খাটতে হয়েছে। সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। কোনো ভোট হয়নি। গুম, খুন করা হয়েছে। এখন নির্বাচনোত্তর কালে কে ভোট দিয়েছেন, কে ভোট দেননি; এ প্রশ্ন তোলা যাবে না। একটি গণতান্ত্রিক দেশে এটাই বৈচিত্র। এই বৈচিত্রময় বাংলাদেশের মাঝে আমরা ঐক্য আনতে চাই। মানুষে মানুষে বিভাজন, হানাহানি, সঙ্ঘাত আমরা দেখতে চাই না।’

মন্ত্রী আরো বলেন, ‘এক সময় আমাদের দেশটাকে সোনার বাংলা বলা হতো। বিভিন্ন দেশের মানুষ ভাগ্যান্বেষণে আমাদের দেশে আসত। বাংলার মানুষ কখনো পৃথিবীর কোথাও যায়নি। এখানে চাইনিজরা, ফরাসি, ওলন্দাজরা, কাবুলিওয়ালারা এসেছেন। ইবনে বতুতা এসেছেন। তিনি তার ভ্রমণবৃত্তান্তে লিখেছেন, আমাদের দেশে প্রবেশের হাজারটি দরজা আছে, কিন্তু বের হবার পথ নেই। এতো সৌন্দর্য, এতো বৈচিত্র, এতো প্রাচুর্যে ভরা ছিল এই দেশ। এখানে আসলে কেউ বের হতে চাইতেন না। কিন্তু, সেই বাংলাদেশ আজ পিছিয়ে পড়া দেশ। এর নানান ঐতিহাসিক কারণ আছে। তবে, সঠিক নেতৃত্ব দিলে, আবার সেই হারানো গৌরব ফিরে পেতে পারি। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটা শ্রেষ্ঠতম দেশ করতে চাই। এটাই তারেক রহমানের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যারা জাতীয়তাবাদী শক্তিকে বিশ্বাস করেন, তাদের দুর্নীতি করা যাবে না, মাদকদ্রব্যকে প্রশ্রয় দেয়া যাবে না।’

এদিকে, ওইদিন বিকেলে সদরের হাতিয়াড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুল মোমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, সহ-সভাপতি অশোক কুন্ডু, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা নারী দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ দলীয় নেতৃবৃন্দ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নড়াইল জেলায় ৩৪টি খাল রয়েছে। এর মধ্যে ১৩০ কিলোমিটার খাল পুনঃখননের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে হাতিয়াড়া খালের দুই হাজার ৪০০ মিটার অংশ পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। খাল পুনঃখনন উদ্বোধন শেষে মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ খালপাড়ে বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা রোপন করেন।