২৬ বছর পর রায়

নাটোরে কৃষক হত্যায় আ’লীগ নেতাসহ ৬ জনের যাবজ্জীবন

১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জরুরি কাজে কৃষক মেছের আলী নিজগ্রামের খাজামুদ্দিনের বাড়িতে গেলে আসামিরা সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
রায় ঘোষণার পর উপস্থিত চার আসামিকে কারাগারে নেয়া হচ্ছে
রায় ঘোষণার পর উপস্থিত চার আসামিকে কারাগারে নেয়া হচ্ছে |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী তালুকদারকে কুপিয়ে হত্যা মামলায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো: সাইফুল ইসলাম এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার কলিগ্রামের সিরাজ উদ্দিনের দুই ছেলে মো: ইদ্রিস আলী ও মো: ইউনুস আলী, গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার দুই ছেলে আবু রায়হান মৃধা ও হাতিয়ানদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মাহবুব মৃধা, একই গ্রামের অনাথ মন্ডলের ছেলে শ্রী কার্তিক মন্ডল ও উলিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে মো: আবুল হোসেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত চার আসামির দণ্ড রায় ঘোষণার দিন (বুধবার) থেকেই কার্যকর হলেও অন্য দু’জন পালিয়ে থাকা আবুল হোসেন ও আবু রায়হান মৃধার আটকের দিন থেকে কার্যকর করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ৫০ হাজার করে টাকা পরিশোধ করার জন্যও নিদের্শনা দিয়েছেন বিচারক। আগে কোনো হাজতবাস করে থাকলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে তা কমিয়ে দেয়া হবে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার কৃষক মেছের আলী তালুকদারের সাথে গুনাইখাড়া গ্রামের সোলেমান আলী মৃধার জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ ছিল। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জরুরি কাজে কৃষক মেছের আলী নিজগ্রামের খাজামুদ্দিনের বাড়িতে গেলে আসামিরা সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে স্বজনরা বাড়ি নিয়ে আসার সাথে সাথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন (২৪ ফেব্রুয়ারি) তার ছেলে মোসলেম তালুকদার সিংড়া থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আজ বুধবার এই রায় দেন।