পূর্ব শত্রুতার জেরে রাজশাহীতে বাড়ির সামনে ছুরিকাঘাতে মো: সাব্বির (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর শাহমুখদুম থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির নগরীর পবার রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো: জাসন (২৫) পূর্ব বিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করেন। অভিযুক্ত জাসন মাদকাসক্ত এবং সম্প্রতি এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল। নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তার সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি শাহিন ইসলামকে মারধর করেন। আর আজ বুধবার দুপুরে বাড়ির সামনে শাহিন ইসলামের ছেলে সাব্বিরকে পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘লাশ হাসপাতালে নেয়ার পর আমরা জানতে পারি। অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’



