জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ‘রমজান আত্মশুদ্ধির জন্য এক বিশাল নিয়ামত। পরিপূর্ণ নিয়ামত অর্জনের লক্ষে যথাযথ মর্যাদায় রমজানের পবিত্রতা রক্ষা করুন। অন্যের উপর জুলুম করা বন্ধ করতে হবে।’ অশ্লীলতা, বেহায়াপনা পরিহার করার আহ্বান জানাচ্ছি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান সহ প্রমুখ কর্মপরিষদ সদস্যরা।
জেলা আমির বলেন, এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট রমজান আসলে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী করে ফেলে। অথচ মুসলিম দেশে রমজানকে স্বাগত জানিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হয়। তাই রমজানের প্রতি সম্মান দেখিয়ে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, রমজান মানে কোরআন নাযিলের মাস। কোরআন হাদীস অধ্যয়নের মাধ্যমে আত্মগঠন করতে হবে। আর কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে নসিহত প্রদান করা হয়েছে। সে অনুযায়ী সকল কর্মীগণ রমজান মাসকে কাজে লাগিয়ে নিজেকে গঠন করার আহ্বানদ জানাচ্ছি।



