সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সৌদিতেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদের আলখারজ জামে মুহাম্মদ আল উসমান মসজিদে প্রথম ও আলনাসফা কবরস্থানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলনাসফা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, স্থানীয় কিং খালেদ হাসপাতালের মর্গ থেকে নিহতের লাশ আল খারিজের জামে মসজিদে নিয়ে আসা হয়। পরে সেখানেই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা ও দাফনে অংশ নেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দেলোয়ার হোসেন। এ সময় তার সাথে ছিলেন রিয়াদ লেবার উইংয়ের কর্মকর্তা মুহাম্মাদ রেজা-ই-রাব্বী ও মোহাম্মদ আলমগীর হোসেন।
নিহত বাচ্চু মিয়ার মামা মো: মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিবারের সম্মতিতে বাচ্চু মিয়ার লাশ সেখানেই দাফন করা হয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, গত ৮ মার্চ (রোববার) ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দু’জন বাংলাদেশী নিহত হন। অপর নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। এ ঘটনায় আরো ১২ জন আহত হন। ক্যাম্পটির কাছাকাছি একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানা যায়।



