কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে ঢাকা মেইল ট্রেনকে উদ্ধার করে আটকে থাকা বাসটিকে রেললাইন থেকে সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার আগে আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ যাত্রী। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুই শিশু ও তিন নারী।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মামুন স্পেশাল পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি।
পরিদর্শক সাইফুল বলেন, রাত ৩টার কিছু আগে তারা ট্রেনের সাথে বাসের দুর্ঘটনার সংবাদ পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশও আসে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



