বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেছেন, ‘গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ছাড়া প্রকৃত অর্থে দেশ এগোতে পারে না। আজ যদি আমরা গ্রামীণ অবকাঠামো ও অর্থনীতিকে শক্তিশালী করতে না পারি, যদি প্রান্তিক মানুষদের পাশে না দাঁড়াই, তবে বাংলাদেশের উন্নয়ন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।’
তিনি বলেন, ‘এ দেশে অনেক সরকার এসেছে, অনেক মন্ত্রী-এমপি দায়িত্ব পালন করেছেন। কিন্তু গ্রামের প্রান্তিক খেটে খাওয়া সাধারণ মানুষ— কৃষক, শ্রমিক, রিকশাচালক ও অটোচালকদের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর জনবান্ধব কর্মসূচি খুব বেশি দেখা যায়নি।’
সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শরীফুল আলম বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গ্রামের মানুষের কল্যাণে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। গ্রাম থেকেই এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় পাইলট প্রকল্প চালু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে এক হাজার ১০টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। পর্যায়ক্রমে কৃষক কার্ডও চালু করা হবে।’
তিনি আরো বলেন, ‘খাল খনন কর্মসূচি শুধু লোক দেখানোর জন্য নয়। নদী-বিলের সাথে সংযোগ রেখে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই এর উদ্দেশ্য। খাল খননের মাধ্যমে এলাকার কৃষিকাজ, মৎস্যসম্পদ বৃদ্ধি ও খাদ্য উৎপাদনে সহায়ক পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।’
জেলা পানি উন্নয়ন বোর্ড ও নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, বিএনপি নেতা সৈয়দ এহসানুল হুদা ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু।
অনুষ্ঠানে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া থেকে সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধনের দৃশ্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে মাঠসংলগ্ন আরিবিল খালে কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে নিকলী উপজেলার খাল খনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ সময় স্থানীয় মানুষ ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, প্রাথমিকভাবে নিকলীর আরিবিল খালের ৬০০ মিটার অংশ খননের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু হয়।


