এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘আপনারা ‘হ্যাঁ’তে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছেন। বর্তমান সরকার সেই গণভোটের গণরায়কে বৈধতার জন্য নিয়ে যাচ্ছে আদালতে। আমরা সেটা কখনোই মানবো না। আমাদেরকে স্লোগান দিতে বাধ্য করবেন না হাইকোট না রাজপথ।’
মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লা স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত আনতে দাবি জানাতে হবে। ভারত হাসিনাকে না পাঠালে ভারতের সাথে সুসম্পর্ক করা যাবে না। সবার আগে হাসিনার বিচার, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের বিচার, হাদি হত্যার বিচার শেষে আমরা ভারতের সাথে সম্পর্ক করবো কিনা পরে দেখা যাবে।’
ইফতার মাহফিলে কুমিল্লা বিভাগ এনসিপির সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির ক্বাজী দীন মোহাম্মদ, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এনসিপির প্রধান সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, প্রধান সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসময় বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপি নেতা মো: তারেকুল ইসলাম, আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাফসা জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
ইফতার মাহফিলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



