ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুরের ঈগল প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’- এর সমর্থনে তারুণ্যের সাইকেল যাত্রা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সংগঠনটির ফেনী শহর শাখার আয়োজনে সরকারি পাইলট হাই স্কুল মাঠে তিন শতাধিক তরুণ এতে অংশ নেন। সাইকেল যাত্রা পাইলট মাঠ থেকে শুরু হয়ে কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও মিজান রোড হয়ে পুনরায় পাইলট মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জুর বলেন, ‘শুক্রবার ঢাকায় ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে সমাবেশ ও প্রতিবাদ ছিল, সেখানে নিরীহ ছাত্র-জনতার ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা তার ধিক্কার জানাই। যে পুলিশ ওসমান হাদিকে হত্যার সময় কোনো নিরাপত্তা দিতে পারেনি, যে পুলিশ হাদির খুনিরা কোথায় আছে সেটা নির্ধারণ করতে পারেনি, যে পুলিশ ওসমান হাদির খুনিরা দিন-দুপুরে পালিয়ে যাওয়ার সময় ধরতে পারে না, সেই পুলিশ শুধু নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এখনো ফ্যাসিবাদের তাবেদারি করায় ব্যস্ত রয়েছে। আমরা এর বিচার চাই।’
তিনি আরো বলেন, ‘তরুণরাই রাষ্ট্র বদলাবে। তরুণরাই নতুন একটা দেশ গড়ে তুলবে। তরুণরা পুরোনো গ্লানি মুছে দিয়ে যত কঠিন হোক, যত সংগ্রামমুখর হোক, তারুণ্যের জন্য লড়াই করবে। তরুণরা আজাদীর লড়াই করবে। তরুণরা আজাদী এনেছিল ৪৭ এ, তরুণরা আজাদী এনেছিল ৭১ এ, তরুণরা প্রতিবাদ করেছিল ১৯৯০ এ, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ঘটিয়েছে। এর মধ্যদিয়ে তারা প্রমাণ করেছে, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’
ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবীব ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম। এ সময় ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি আ ন ম আবদুর রহীম, সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও সাবেক জেলা সভাপতি মইনুল ইসলাম জোবায়ের উপস্থিত ছিলেন।



