অনলাইন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব : শিক্ষকসহ গ্রেফতার ২

স্থানীয়রা জানায়, অনলাইন জুয়া খেলে পাওয়া ছয় লাখ ৩১ হাজার টাকা ভাগাভাগি নিয়ে রাজিব ও রেজাউলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
গ্রেফতার রাজিব শেখ ও রেজাউল
গ্রেফতার রাজিব শেখ ও রেজাউল |নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামে অনলাইন জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে এক সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সাইবার সুরক্ষা অধ্যাদেশে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযুক্তরা হলেন রুহিতলাবুনিয়া গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে রেজাউল (৪০) ও একই গ্রামের কবির শেখের ছেলে রাজিব শেখ (২৫)। রেজাউল স্থানীয় পিরোজপুর নাইট স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানায়, অনলাইন জুয়া খেলে পাওয়া ছয় লাখ ৩১ হাজার টাকা ভাগাভাগি নিয়ে রাজিব ও রেজাউলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ অনলাইন জুয়ার লেনদেনের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

একজন শিক্ষক হয়ে রেজাউলের সমাজবিধ্বংসী ও অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দা চলছে।

অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন-অর-রশীদ হাওলাদার জানান, তাদের দুজনকে গ্রেফতার করে সাইবার মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। এ চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘অনলাইন জুয়ার মতো ভয়াবহ সামাজিক ব্যাধির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। সমাজকে কলুষিত করে এমন অবৈধ অনলাইন জুয়া সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রশাসন সর্বাত্মকভাবে তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযানে কঠোরতা অব্যাহত থাকবে।’