বসন্তের মৃদুমন্দ হাওয়ায় ঘুড়ি উৎসবে মাতল হাবিপ্রবি শিক্ষার্থীরা

বন্ধুদের সাথে দলবদ্ধভাবে ঘুড়ি ওড়ানোর আনন্দটাই আলাদা। এমন আয়োজন নিয়মিত হলে ক্যাম্পাস জীবন আরো প্রাণবন্ত হয়ে উঠবে।

রাফিউল হুদা, হাবিপ্রবি
হাবিপ্রবিতে ঘুড়ি উৎসব
হাবিপ্রবিতে ঘুড়ি উৎসব |নয়া দিগন্ত

বসন্তের মৃদুমন্দ হাওয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের শৈশবের দিনগুলোকে স্মরণীয় করতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ২.০।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে বিজয় ২৪ হল মাঠে ওই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল মাঠে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীর ঢল নামতে শুরু করে। এ সময় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিজয় ২৪ হলের প্রাঙ্গণ, রঙিন ও বাহারি নকশার ঘুড়িতে ছেয়ে যায় আকাশ।

ঘুড়ি উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, অনেকদিন পর এমন প্রাণবন্ত আয়োজন পেলাম। পড়াশোনার চাপের মধ্যে এই ঘুড়ি উৎসব আমাদের জন্য একটুখানি স্বস্তি এনে দিয়েছে। এমন আয়োজনে আবারো যেনো শৈশবের স্মৃতিতে ফিরে গেলাম। ছোটবেলায় গ্রামে ঘুড়ি ওড়াতাম, আজ ক্যাম্পাসে সেই অনুভূতিটাই নতুন করে উপভোগ করলাম।

শিক্ষার্থীরা আরো বলেন, বন্ধুদের সাথে দলবদ্ধভাবে ঘুড়ি ওড়ানোর আনন্দটাই আলাদা। এমন আয়োজন নিয়মিত হলে ক্যাম্পাস জীবন আরো প্রাণবন্ত হয়ে উঠবে। এ ধরনের উৎসব শুধু বিনোদন নয়, আমাদের সংস্কৃতির সাথেও পরিচয় করিয়ে দেয়। আয়োজকদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

হাবিপ্রবি অ্যাডভেঞ্চার ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সাকিব বলেন, ‘ঘুড়ি উৎসব আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও আনন্দের পরিবেশ তৈরি করে। আমরা চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এমন সৃজনশীল ও বিনোদনমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের মানসিক বিকাশ ঘটাক। ভবিষ্যতে আরো বড় পরিসরে আমাদের এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’