নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ি থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিরামপুর উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে স্বাধীন ইসলাম (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিরামপুর উপজেলার ধানঘরা গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত স্বাধীন ইসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে। স্বাধীন ইসলাম শারীরিক ভারসাম্যহীন ছিলেন বলে তার প্রতিবেশী সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে ধানঘরা গ্রামের দু’জন নারী ধানঘরা গ্রামের কৃষি মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় তারা স্থানীয় মিজানুর রহমানের ভুট্টা ক্ষেতে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তারা চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। পরে গ্রামের লোকজন সেখানে উপস্থিত হন এবং বিষয়টি মোবাইলফোনে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। ওই যুবকের পরনে সাদা রঙের শার্ট ও সবুজ রঙের লুঙ্গি ছিল।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, আজ সোমবার দুপুরে ধানঘরা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের গলায় আঙুলের আঁচড়ের মতো দাঁগ দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বিকেলে দিনাজপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।



