ঈদের পর দিন রোববার (২২ মার্চ) দেশের ৯ জেলায় রেল ও সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব জেলাগুলো হলো কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, কুষ্টিয়া ও কক্সবাজার। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস পাহাড়ের খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
বিস্তারিত পাঠিয়েছেন প্রতিনিধিরা-
কুমিল্লা
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ যাত্রী। নিহতদের মধ্যে ৭জন পুরুষ,২ জন শিশু ও ৩জন মহিলা।
নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সালামত উল্লার ছেলে মো. বাবুল চৌধুরী (৫৩), ঝিনাইদহের মহেশপুরের পিন্টু মিয়ার স্ত্রী লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৪), চুয়াডাঙ্গার জীবননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা (৪৬), যশোরের চৌগাছা উপজেলার ফকির চাঁদ বিশ্বাসের ছেলে সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫), নোয়াখালীর সুধারাম এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে নজরুল ইসলাম রায়হান (৩৩), লক্ষ্মীপুর সদরের সিরাজউদ্দৌলার মেয়ে সায়েদা (৯), ঝিনাইদহ সদরের মুক্তার বিশ্বাসের ছেলে জোয়াদ বিশ্বাস (২০), মাগুরার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মমিনুল হকের ছেলে তাজুল ইসলাম (৬৮)।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার আগে আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মামুন স্পেশাল পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি।
পরিদর্শক সাইফুল বলেন, রাত ৩টার কিছু আগে তারা ট্রেনের সঙ্গে বাসের দুর্ঘটনার সংবাদ পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশও আসে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধারকাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, তারা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তার আগেই পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আরো কয়েকটি লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে বাসের সাথে সংঘর্ষে পিকআপ ভ্যান উল্টে খাদে পড়েে ৪ জন নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা সাংবাদিকদের জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাদের কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের লাশ উদ্ধার করে।
ফেনী
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।
রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরো কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাড়িয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)। আহত অপর যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবির নিহত হন।
সুনামগঞ্জ
ঈদের ছুটিতে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিন বন্ধু। তবে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেছে দুজনের। আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে শফিকুল ইসলাম প্রিয় (৩০) ও একই গ্রামের আক্কেল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০)। আহত গুলজার আহমদকে (২৯) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ঈদের এক সপ্তাহ আগে একটি নতুন মোটরসাইকেল কিনেন। সেই মোটরসাইকেলে করে রোববার দুই বন্ধুকে নিয়ে জেলার তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র শিমুল বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় যাওয়ার পর তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আহত সাইদুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
নাটোর
নাটোরের বড়াইগ্রামে বিয়ের আগের দিন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে জুলফিকার আলী (২৯) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলফিকার আলী জিল্লু পাবনার ঈশ্বরদী থানার নওদাপাড়া গ্রামের আনসারুল হক প্রামাণিকের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর রহমানের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন জেলার খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর ইটভাটা এলাকায় সড়কের ধারে কিছু তালগাছ রয়েছে। সেখানে পথচারীরা যানবহন থামিয়ে বিশ্রাম নিয়ে থাকেন। আবার অনেকেই যান বিনোদনের জন্য। সেখানে নয়নসহ তার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সেখান থেকে নয়ন মোটরসাইকেল নিয়ে খোকসার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের ব্রেকে চাপ দিলে পিছনের চাকা স্লিপ করে সড়কের ধারে অবস্থিত বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে নয়ন গুরুতর আহত হলে তার বন্ধুরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের চর রাজিবপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের বটতলা কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়া বাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫) তার স্ত্রী মোছা. ঝরণা বেগম (৩০) ও মেয়ে সাউদা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রৌমারীর উদ্দেশ্যে রওনা দেন। পথে বটতলা কারিগরপাড়া এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
চর রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া বলেন, দুর্ঘটনায় আহত শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. আনিস (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবান
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ আহত হয়েছেন। তাদের মধ্যে বাসের সুপারভাইজারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আহত পর্যটকদের উদ্ধারে স্থানীয়দের দ্রুত এগিয়ে আসার জন্য সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। পুলিশকে জানালে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিমও উদ্ধার কাজ শুরু করে।



