কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কারারক্ষী আটক

সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করলেও ক্ষমতার অপব্যবহার করে তিনি লাইন অমান্য করে মোটরসাইকেলে তেল নিতে থাকেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
ইউএনও-্এর হাতে কারারক্ষী আটক
ইউএনও-্এর হাতে কারারক্ষী আটক |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের একটি ফিলিং স্টেশনে লাইনের তোয়াক্কা না করে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও-এর হাতে আটক হয়েছেন শিহাব আহমেদ নামে এক কারারক্ষী।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

কারারক্ষী শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত আছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ তাকে আটক করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিহাব আহমেদ নম্বরবিহীন একটি কালো মোটরসাইকেল নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করলেও ক্ষমতার অপব্যবহার করে তিনি সেই লাইন অমান্য করে মোটরসাইকেলে তেল নিতে থাকেন।

ওই সময় কিশোরগঞ্জ সদর উপজেলার ইউএনও কামরুল হাসান মারুফ ফিলিং স্টেশনে জ্বালানি তেল বণ্টন কার্যক্রম মনিটরিং করছিলেন। মোটরসাইকেলটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর না দেখে তিনি কারারক্ষী শিহাবকে থামান এবং তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। শিহাব আহমেদ মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় তিনি কারারক্ষীর পোশাকে ছিলেন।

ইউএনও বলেন, ‘আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে অবগত করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’